![]()
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত রাজনৈতিক দলের কোনো প্রতীক রাখা হবে না।
তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে নৌকাসহ চারটি প্রতীক অন্তর্ভুক্ত থাকবে না। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রসঙ্গে তিনি জানান, ভাষণের সব বিষয় ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি। এ সময় তিনি তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা বলেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে প্রতীকের চূড়ান্ত তালিকায় ১১৯টি প্রতীক রাখা হয়েছে, যার মধ্যে পোস্টাল ব্যালটে থাকবে ১১৫টি প্রতীক। নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের ‘নৌকা’, নিবন্ধন বাতিল হওয়া ফ্রিডম পার্টির ‘কুড়াল’, ঐকবদ্ধ নাগরিক আন্দোলনের ‘চাবি’ ও পিডিপির ‘বাঘ’ প্রতীক পোস্টাল ব্যালটে থাকছে না।
বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৫টি। দাবি–আপত্তি নিষ্পত্তির পর আরও দুটি দল তালিকায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০০৮ সাল থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করা হয় এবং এ পর্যন্ত মোট ৫৯টি দল নিবন্ধন পেয়েছে।