• হোম > রাজনীতি > শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের ইতিবাচক সাড়া নেই: পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের ইতিবাচক সাড়া নেই: পররাষ্ট্র উপদেষ্টা

  • শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭
  • ৪৯

---

জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে এখনো কোনো ইতিবাচক সাড়া দেয়নি দিল্লি—এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শেখ হাসিনাকে ফেরত পাঠানো ‘সময়সাপেক্ষ’

তৌহিদ হোসেন বলেন,
“শেখ হাসিনার ব্যাপারে আমরা অনুরোধ জানিয়েছি তাঁকে ফেরত পাঠানোর জন্য। যেহেতু উনি সাজাপ্রাপ্ত এবং দেশের সর্বোচ্চ বিচারিক সংস্থা তাঁর বিরুদ্ধে রায় দিয়েছে। কিন্তু এখনো ভারত থেকে কোনো ইতিবাচক সাড়া পাইনি।”

তিনি আরও বলেন,
“এটা সময়সাপেক্ষ বিষয়। এ ধরনের ঘটনায় এক দিনে বা সাত দিনে পরিবর্তন হয় না। অনুমান না করাই ভালো। আমরা অপেক্ষা করছি ভারতীয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়ার জন্য।”

খালেদা জিয়ার লন্ডন যাত্রায় দেরি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি জানান, “বেগম জিয়াকে আজ লন্ডনে নেওয়া হচ্ছে না। এয়ারক্রাফটের টেকনিক্যাল সমস্যার কারণে এক-আধদিন দেরি হতে পারে।”

এ সময় তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,
“এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে শুনেছি তাঁর স্ত্রী হয়তো আসছেন বা পৌঁছে গেছেন।”

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দেওয়ার প্রস্তুতি

অন্তর্বর্তী সরকারের রূপরেখা তুলে ধরে তৌহিদ হোসেন বলেন,
“আমাদের সময় খুব সীমিত। আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারিতেই সঠিকভাবে জাতীয় নির্বাচন হবে, এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব দিয়ে আমরা সরে যাব।”

তিনি আরও জানান,
“গত দেড় বছর ধরে আমরা একটা পথনির্দেশ তৈরি করছি, যাতে ভবিষ্যৎ সরকার দেশ পরিচালনায় সুবিধা পায়।”

সংস্কার কার্যক্রমে ‘শুরুটা’ করে যাবে সরকার

দেশে চলমান সংস্কার কার্যক্রম নিয়ে তিনি বলেন,
“সব সংস্কার একসঙ্গে করে ফেলা সম্ভব নয়। এতে সময় লাগে। আমরা শুরুটা করে দিয়ে যাব। যে পরিবর্তন জনগণের উপকারে আসবে, সেটা পরবর্তী সরকারও অব্যাহত রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”

চার দিনের সফরে রংপুর ও নীলফামারীর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর সার্কিট হাউসে পৌঁছান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7516 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 06:06:49 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh