![]()
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণের আগে আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির মতে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তফসিল ঘোষণা করা হতে পারে এবং জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক নির্বাচন কমিশনার জানান, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর দু–এক দিনের মধ্যেই তফসিল ঘোষণা হতে পারে। প্রথা অনুযায়ী তফসিল চূড়ান্তের আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা হয়।
ইসি জানিয়েছে, আরপিওর সর্বশেষ সংশোধনী অনুমোদন পেয়েছে এবং নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে। ইসির সূত্র মতে, ৮ থেকে ১১ ডিসেম্বরের যেকোনো দিনে তফসিল ঘোষণা হতে পারে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে, ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে।