
ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান সাংবাদিকদের জানান, “বেগম জিয়ার অবস্থা আবারও ক্রিটিক্যাল, গতকাল রাত থেকে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। তিনি এখনও অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।”
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, “শুধু এটুকু বলতে পারি, তিনি অসুস্থ, এবং চিকিৎসকরা দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে যুক্ত হয়ে সর্বোচ্চ চেষ্টা করছেন।”
বিএনপির মিডিয়া সেলও সতর্ক করেছে, খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য শুধুমাত্র ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাধ্যমে প্রকাশ করা হবে। অন্য কোনো সূত্র থেকে তথ্য প্রচার করা যাবে না।
খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং বৃহস্পতিবার থেকে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।