![]()
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলা-তে আদালত শেখ রেহানার নামে বরাদ্দ বাতিলের নির্দেশ দিয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ-৪–এর বিচারক রবিউল আলম রায় ঘোষণা করেন।
রায়ে মামলার প্রধান আসামি শেখ রেহানা ৭ বছর, দ্বিতীয় আসামি টিউলিপ সিদ্দিক ২ বছর এবং তৃতীয় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ বছরের কারাদণ্ড পেলেন। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বিচারক রায়ে উল্লেখ করেন, আবাসন সুবিধা থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভুয়া হলফনামা ব্যবহার করে প্লট বরাদ্দ নিয়েছেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, বিশ্বের যেকোনো প্রান্তে থাকা টিউলিপ সিদ্দিককে বিচার করতে বাধা নেই।
মামলায় আরও ১৪ জনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছে—জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মো. সালাহ উদ্দিন ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। বর্তমানে আসামি খুরশীদ আলম কারাগারে আছেন; বাকিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার চার্জগঠন হয়েছিল ৩১ জুলাই। বিচার চলাকালে ৩২ জন সাক্ষী আদালতে তাদের বক্তব্য দিয়েছেন। মামলায় বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে, গরীব দেখিয়ে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নং রাস্তার ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন।
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি যুক্তরাজ্যের ব্রিটিশ পার্লামেন্টের সদস্য থাকা অবস্থায় বিশেষ ক্ষমতা ব্যবহার করে তার মা রেহানা, বোন আজমিনা ও ভাই রাদওয়ান মুজিবের নামে প্লট বরাদ্দের ব্যবস্থা করেছেন। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, শেখ রেহানাও বরাদ্দ নেওয়ার জন্য শেখ হাসিনার কাছে আবদার করেন।
এই মামলার পাশাপাশি দুদক প্লট দুর্নীতির ছয়টি পৃথক মামলা করেছে। এর মধ্যে চারটি মামলার রায় ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। এর আগে ২৭ নভেম্বর শেখ হাসিনার তিনটি মামলায় ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। একই সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ৫ বছরের কারাদণ্ড হয়েছিল।