![]()
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুঞ্জন দৃঢ়ভাবে নাকচ করেছেন। তিনি জানিয়েছেন, ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন এবং আদিয়ালা কারাগারে কোনো সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে না।
গত সপ্তাহে সোশ্যাল মিডিয়া ও কিছু আফগান প্ল্যাটফর্মে গুজব ছড়িয়ে পড়ে যে ইমরান খান কারাগারে মারা গেছেন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তার বোন আলিমা খানম ও নুরিন নিয়াজি। তবে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “তিনি একদম ভালো আছেন। প্রতিদিন এক ঘণ্টা ট্রেডমিলে দৌড়ান। কোনো সমস্যাই নেই।”
তারার আরও দাবি করেন, ইমরান খানকে ‘বিশেষ সুবিধাপ্রাপ্ত বন্দি’ হিসেবে রাখা হয়েছে এবং কারাগারে তিনি ‘পাঁচ-তারকা হোটেলের মতো’ সুবিধা পাচ্ছেন।
ইমরানের পরিবার ও আইনজীবীরা অভিযোগ করছেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এক মাস ধরে তাদেরকে সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না। তাদের অভিযোগ, ইমরানকে দীর্ঘ সময় ধরে আলাদা করে রাখা হচ্ছে এবং মৌলিক অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে। তবে পাকিস্তান সরকার ও কারা কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে।
পিটিআই নেতা খুররম জিশান দাবি করেছেন, ইমরানকে ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এবং এটি দেশ ছাড়ার চাপ সৃষ্টি করার একটি কৌশল। সরকারের আশঙ্কা—ইমরানের জনপ্রিয়তা তার বিরুদ্ধে যে কোনো প্রচেষ্টাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে, তাই তার ছবি বা ভিডিও প্রকাশের অনুমতিও দেওয়া হচ্ছে না।