![]()
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল ও সামান্য উন্নতির দিকে রয়েছে, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
রোববার (৩০ নভেম্বর) দিবাগত রাতে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের মাহফুজ আলম বলেন,
“আমি ব্যক্তিগত উদ্যোগে খালেদা জিয়ার খোঁজ নিতে এসেছি। দেশের জন্য তিনি অবদান রেখেছেন ও নানা ত্যাগ স্বীকার করেছেন। তার জন্য দেশবাসীর মতো আমি ও তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছি।”
তিনি আরও জানান, চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে জানা গেছে যে, খালেদা জিয়ার অবস্থা গত কয়েকদিনের মতোই স্থিতিশীল এবং সামান্য উন্নতি হয়েছে। চিকিৎসকরা আশা করছেন, আগামী দিনে তার শারীরিক অবস্থা আরও ভালো হবে।
মাহফুজ আলম বলেন, “তার ত্যাগ ও অবদানের কারণে আমরা আশা করি, তিনি আরও সুস্থ হয়ে দেশের গণতান্ত্রিক পুনর্গঠন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখবেন। জুলাইয়ের অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন, তাদের নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।”
উপদেষ্টা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা-সংক্রান্ত সব ধরনের সহযোগিতায় বর্তমান সরকার প্রস্তুত।
বেগম খালেদা জিয়ার এই শারীরিক অবস্থা নিয়ে দেশব্যাপী রাজনৈতিক মহল এবং সাধারণ জনগণ উদ্বেগ-উৎকণ্ঠায় থাকলেও নেত্রীর পাশে থাকা নেতাদের মানবিক পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে সহমর্মিতা, সংহতি ও রাজনৈতিক দায়িত্ববোধের চিত্র ফুটিয়ে তোলে।