
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার এক দিনেই তাকে ‘ট্রাভেল পাস’ দিতে প্রস্তুত—এ কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার (৩০ নভেম্বর) ডিকাব আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি বলেন, লন্ডনে তারেক রহমানের বর্তমান অবস্থান সম্পর্কে সরকার নিশ্চিত নয়, তবে দেশে ফিরতে চাইলে তাকে আটকে রাখার সুযোগ কারও নেই। তিনি আরও জানান, দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলেই পরদিন ট্রাভেল পাস দেওয়া সম্ভব।
এর একদিন আগে তারেক রহমান ফেসবুকে জানান, অসুস্থ মা খালেদা জিয়ার পাশে থাকার প্রবল ইচ্ছা থাকলেও সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তার হাতে নেই। মায়ের শারীরিক অবস্থার বিষয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং রাজনৈতিক বাস্তবতা অনুকূলে এলেই দেশে ফেরার আশা ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিবও জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো আপত্তি নেই।