• হোম > বাংলাদেশ > খালেদা জিয়ার অবস্থা কিছুটা ভালো হলেই লন্ডনে নেওয়ার প্রস্তুতি, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত: তারেক রহমানের উপদেষ্টা

খালেদা জিয়ার অবস্থা কিছুটা ভালো হলেই লন্ডনে নেওয়ার প্রস্তুতি, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত: তারেক রহমানের উপদেষ্টা

  • শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ২১:৫৭
  • ৯১

---

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার। এ লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তিসজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও চূড়ান্ত করা হচ্ছে। লন্ডন থেকেই চিকিৎসার সার্বিক তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমান।

শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির মুখপাত্র মাহদী আমিন।

তিনি জানান, মেডিকেল বোর্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ডা. জোবায়দা রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত সমন্বয় করছেন তিনি। খালেদা জিয়ার চিকিৎসায় কোনো বিলম্ব না হয়, সে বিষয়ে প্রতিটি ধাপ তদারকি করছেন তারেক রহমান।

মাহদী আমিন আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই তাকে লন্ডনে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। চলতি বছর যেসব বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তিনি চার মাস চিকিৎসা নিয়ে সুস্থতা ফিরে পেয়েছিলেন, তাদের সঙ্গেও পুনরায় যোগাযোগ করা হয়েছে।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে উন্নত সুবিধাযুক্ত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এদিকে বিরাট সংখ্যক মানুষ খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে ভিড় করলেও সংক্রমণের ঝুঁকির কারণে কাউকে সিসিইউতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। দূর থেকেই সমর্থকরা উদ্বেগ ও ভালোবাসা প্রকাশ করছেন।

স্ট্যাটাসের শেষে মাহদী আমিন আশা প্রকাশ করেন, চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে আবারও খালেদা জিয়া জাতির অভিভাবকের ভূমিকা পালন করবেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7309 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 11:46:21 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh