• হোম > বাংলাদেশ > প্রেস সচিব: তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো বাধা নেই

প্রেস সচিব: তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো বাধা নেই

  • শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১৮:৩৪
  • ৯৭

---

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশের ফেরার বিষয়ে সরকারের কোনো ধরনের বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব লিখেছেন, তারেক রহমানের বক্তব্যে তিনি এখনই দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না বলে যে ইঙ্গিত দিয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠলে তিনি স্পষ্ট করেছেন—তার প্রত্যাবর্তনে সরকারের কোনো নিষেধাজ্ঞা বা আপত্তি নেই। তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতোমধ্যেই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তারেক রহমান জানান, সংকটময় মুহূর্তে গুরুতর অসুস্থ মায়ের পাশে থাকতে না পারার কষ্ট তাকে তাড়িত করছে। তবে রাজনৈতিক বাস্তবতার কারণে দেশে ফেরা তার একক সিদ্ধান্তের বিষয় নয় বলেও উল্লেখ করেন তিনি। পরিস্থিতি অনুকূল হলেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। তার সুস্থতার জন্য দেশ-বিদেশের মানুষ দোয়া করছেন এবং প্রধান উপদেষ্টা চিকিৎসায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন। বিদেশি বিভিন্ন রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসাসহ সহায়তার আগ্রহ প্রকাশ করা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7302 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 04:03:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh