• হোম > ঢাকা > জাতিসংঘের তালিকায় ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নগরী, আর শীর্ষে রয়েছে জাকার্তা।

জাতিসংঘের তালিকায় ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নগরী, আর শীর্ষে রয়েছে জাকার্তা।

  • বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১৩:৫৮
  • ৫৭

---

জাতিসংঘের নতুন প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বের বৃহত্তম নগরীর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। প্রতিবেদনে বলা হয়, ঢাকার বর্তমান জনসংখ্যা প্রায় ৩ কোটি ৬৬ লাখ। প্রায় ৪ কোটি ১৯ লাখ জনসংখ্যা নিয়ে শীর্ষে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দীর্ঘ দুই দশক ধরে প্রথম স্থানে থাকা টোকিও ৩ কোটি ৩৪ লাখ জনসংখ্যা নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে—খবর আল জাজিরা।

জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স প্রকাশিত ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০০ সালের আগের মূল্যায়নে টোকিও ছিল বিশ্বের সবচেয়ে বড় নগরী। তবে এ বছর এশিয়ায় দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে শীর্ষ তিনটি স্থানই দখল করেছে এ অঞ্চলের শহরগুলো।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ২০৫০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম নগরীতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকার। বর্তমানে বিশ্বে ১ কোটির বেশি জনসংখ্যার মেগাসিটির সংখ্যা ৩৩টি, যা ১৯৭৫ সালের তুলনায় চারগুণ বেশি। এর মধ্যে ১৯টি মেগাসিটি রয়েছে এশিয়ায়, আর শীর্ষ ১০ নগরীর মধ্যে ৯টিই এশিয়ার।

তালিকায় থাকা অন্যান্য এশীয় শহরগুলোর মধ্যে রয়েছে— নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ), সাংহাই (২ কোটি ৯৬ লাখ), গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), কলকাতা (২ কোটি ২৫ লাখ) ও সিউল (২ কোটি ২৫ লাখ)। এশিয়ার বাইরে একমাত্র শহর হিসেবে কায়রো (৩ কোটি ২০ লাখ) শীর্ষ দশে জায়গা পেয়েছে।

আমেরিকায় সবচেয়ে বড় শহর ব্রাজিলের সাও পাওলো (১ কোটি ৮৯ লাখ) এবং সাব-সাহারান আফ্রিকায় দ্রুততম বৃদ্ধি পাওয়া শহর হিসেবে উল্লেখ করা হয়েছে নাইজেরিয়ার লাগোসকে।

ঢাকা ও জাকার্তার জনসংখ্যা বৃদ্ধির পেছনে গ্রামীণ এলাকায় জলবায়ুজনিত সংকট—যেমন প্লাবন, নদীভাঙন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি—গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এদিকে জাকার্তা নিজেও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বড় ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের মতে, ২০৫০ সাল নাগাদ শহরটির এক-চতুর্থাংশ পানির নিচে চলে যেতে পারে। এ কারণেই ইন্দোনেশিয়া বোর্নিও দ্বীপে নতুন রাজধানী ‘নুসান্তারা’ নির্মাণ করছে। তবে প্রশাসনিক রাজধানী সরালেও ২০৫০ সালে জাকার্তার জনসংখ্যা আরও ১ কোটি বাড়তে পারে।

ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ জাকার্তায় বৈষম্য, আয়সংকট ও আবাসন সমস্যাকে তীব্র করছে। বছরের শুরুতে কম আয়ের শ্রমিক ও রাইডশেয়ার ডেলিভারি কর্মীদের আন্দোলন শহরের জনঅসন্তোষকে আরও স্পষ্ট করেছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, নগরায়ণ বিষয়ে দেশভেদে বৈষম্য কমাতে শহরের সংজ্ঞা নতুনভাবে নির্ধারণ করেছে জাতিসংঘ। নতুন মানদণ্ড অনুযায়ী, কমপক্ষে ৫০ হাজার জনসংখ্যা এবং প্রতি বর্গকিলোমিটারে অন্তত ১,৫০০ জনের ঘনত্ব থাকলেই সেটিকে নগরী হিসেবে বিবেচনা করা হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7169 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 03:35:12 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh