• হোম > বাংলাদেশ > গুম মামলায় হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ পেলেন জেড আই খান পান্না

গুম মামলায় হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ পেলেন জেড আই খান পান্না

  • সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১৬:৩৩
  • ৪২

---

শেখ হাসিনার শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের দুই মানবতাবিরোধী মামলার শুনানির দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুই মামলার মধ্যে একটির অভিযোগ গঠনের শুনানি হবে ৩ ডিসেম্বর এবং অন্যটির ৭ ডিসেম্বর।

একই সঙ্গে এই মামলার পলাতক আসামি শেখ হাসিনাসহ অন্যান্য পলাতকদের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।

রোববার (২৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শুনানির দিন ধার্য করেন। বেলা সাড়ে ১১টার পর গুমের দুই মামলার শুনানি শুরু হয়, যেখানে প্রসিকিউশনের পক্ষে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এরপর ট্রাইব্যুনাল এক মামলায় ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি এবং অন্য মামলায় ১৩ আসামির বিরুদ্ধে শুনানির দিন নির্ধারণ করেন।

তারিখ নির্ধারণের আগে শেখ হাসিনার হয়ে স্টেট ডিফেন্সে লড়ার আবেদন করেন জেড আই খান পান্না এবং পরে ট্রাইব্যুনাল তার আবেদন মঞ্জুর করে নিয়োগ দেন। একই মামলায় এম. হাসান ইমামকেও স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7101 ,   Print Date & Time: Friday, 6 February 2026, 08:03:48 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh