![]()
ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে আজ সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে বলেন, ফ্রান্স সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বিকাশে কাজ করে আসছে এবং সে ধারাবাহিকতায় বাংলাদেশের ঔষধ শিল্প ও আইসিটি খাতে আরও বিনিয়োগ বাড়াতে আগ্রহী।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ফরাসি বিনিয়োগে দেশের মূলধন প্রবাহ বৃদ্ধি এবং অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাবের সম্ভাবনা উল্লেখ করে বলেন, “ফ্রান্স বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্য অংশীদার। বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে অংশীদারিত্ব আরও শক্তিশালী করা সম্ভব। তুলনামূলকভাবে কম শ্রম খরচ ও উৎপাদন ব্যয় ফরাসি ব্যবসায়ীদের জন্য বিনিয়োগকে লাভজনক করে তুলবে।”
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো. আব্দুর রহিম খানও উপস্থিত ছিলেন।