• হোম > দেশজুড়ে > জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রবাসীদের মধ্যে ১৭ হাজার ৯০০ জন ভোটার হিসেবে নিবন্ধন করেছেন।

জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রবাসীদের মধ্যে ১৭ হাজার ৯০০ জন ভোটার হিসেবে নিবন্ধন করেছেন।

  • সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১৩:৩২
  • ৪৬

---

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত ১৭ হাজার ৯ শতাধিক বাংলাদেশি ইতোমধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়। প্রথম ধাপে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় বসবাসরত প্রবাসীদের নিবন্ধন চলছে। অ্যাপ চালুর পর রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চল থেকে মোট ১৭,৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে পুরুষ ১৬,৩৫৫ জন এবং নারী ১,৫৫২ জন।

দেশভিত্তিক সংখ্যায় দক্ষিণ কোরিয়া থেকে ৭,৭৬৮ জন, জাপান থেকে ৪,৬০৬ জন, দক্ষিণ আফ্রিকা থেকে ২,৩১১ জন এবং চীন থেকে ১,২৮৯ জন নিবন্ধন করেছেন।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করেন। একই দিনে ১৪৮টি দেশে পোস্টাল ভোটিংয়ের সময়সূচি ঘোষণা করা হয়।

ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান,

  • ১৯–২৩ নভেম্বর: পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা
  • ২৪–২৮ নভেম্বর: উত্তর আমেরিকা, ওশেনিয়া
  • ২১ নভেম্বর–৩ ডিসেম্বর: ইউরোপ
  • ৪–৮ ডিসেম্বর: সৌদি আরব
  • ৯–১৩ ডিসেম্বর: দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া
  • ১৪–১৮ ডিসেম্বর: মধ্যপ্রাচ্য (সৌদি আরব ছাড়া) অঞ্চলের নিবন্ধন চলবে।

পোস্টাল ব্যালটের নিবন্ধনে সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য, কাগজপত্র ও নির্দেশনা দেখে নিবন্ধন সম্পন্ন করা যাবে। বিদেশে ব্যালট পৌঁছাতে সঠিক ঠিকানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ইসি জানিয়েছে।

ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রথমবারের মতো ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) চালু হওয়ায় নির্বাচন ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। পাশাপাশি আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) ব্যবস্থার আওতায় প্রায় ১০ লাখ ভোটারকে ভোটের সুযোগ দেওয়া হবে। জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে আয়োজনের প্রস্তুতিও সুসংগঠিতভাবে এগোচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7087 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 06:32:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh