• হোম > বাংলাদেশ > একটি মহল এখনো নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।

একটি মহল এখনো নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।

  • রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১৩:১৮
  • ৮১

---

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, গণতন্ত্রবিরোধী একটি মহল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রে এখনও সক্রিয়। তাঁর ভাষায়, ‘একদিকে নির্বাচন নিয়ে কথা বলা হলেও অন্যদিকে একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়ানো ও বাধা তৈরির চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না।’

গতকাল জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জিয়া পরিষদ আয়োজিত একটি আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, গণতন্ত্রবিরোধী চক্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরুক, তা চায় না—কারণ গণতন্ত্র না থাকলে কিছু মহল লাভবান হয়। ফলে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এখনো শেষ হয়নি। সুষ্ঠু নির্বাচনই গণতন্ত্রের ভিত্তি, আর দেশের মানুষ ফেব্রুয়ারির প্রথমার্ধে সেই নির্বাচনের অপেক্ষায় আছে।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার মতো জোরজবরদস্তি নয়—আমরা সহনশীল ও দায়িত্বশীল রাজনীতিতে বিশ্বাসী। মতবিরোধ থাকলেও অন্যের মতের প্রতি সম্মান দেখাতে হবে। গণতন্ত্রে বিশ্বাসী হলে জনগণের কাছে যেতে হবে, গোলটেবিল বৈঠকে চাপ সৃষ্টি নয়। বিএনপি ও গণতন্ত্র একে অপরের পরিপূরক।’ তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, যে প্রার্থী মনোনয়ন পাবেন, তাঁর পক্ষে কাজ করতে হবে; সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জনগণের।

আমীর খসরু অভিযোগ করে বলেন, ‘একদিকে নির্বাচন নিয়ে আলোচনা, অন্যদিকে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। অগণতান্ত্রিক পদ্ধতিতে দাবি আদায়ের চেষ্টা হচ্ছে এবং সেই দাবি জনগণের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা দেখা যাচ্ছে—যা দেশের মানুষ মেনে নেবে না।’ তাঁর মতে, যার যে দাবি থাকবে, তা নির্বাচনী ইশতেহারে তুলে ধরে জনগণের কাছে উপস্থাপন করতে হবে; জোর করে চাপিয়ে দেওয়া নয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7037 ,   Print Date & Time: Friday, 21 August 2026, 06:39:09 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh