• হোম > ঢাকা > ঢাকার ৯০ শতাংশ পুরোনো ভবন বিল্ডিং কোড অনুসরণ করে নির্মিত হয়নি — পরিবেশ উপদেষ্টা

ঢাকার ৯০ শতাংশ পুরোনো ভবন বিল্ডিং কোড অনুসরণ করে নির্মিত হয়নি — পরিবেশ উপদেষ্টা

  • শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:৪৯
  • ৫৭

---

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজধানীর পুরোনো ভবনগুলোর প্রায় ৯০ শতাংশই ইমারত নির্মাণ বিধিমালা বা বিল্ডিং কোড না মেনে নির্মিত হয়েছে। তাঁর মতে, এসব অনিয়ম ঢাকাকে—বিশেষ করে পুরান ঢাকাকে—ভূমিকম্পের মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

গতকাল সকালে রাজধানীর মিরপুর পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং পার্বত্য বৌদ্ধ সংঘের আহ্বায়ক মেজর (অব.) তপন বিকাশ চাকমা। সভাপতিত্ব করেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন।

সাম্প্রতিক ভূমিকম্পগুলোকে “স্পষ্ট সতর্কবার্তা” আখ্যা দিয়ে রিজওয়ানা হাসান বলেন, গত পাঁচ বছরে এত শক্তিশালী কম্পন অনুভূত হয়নি। তিনি বলেন, এখনই সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া জরুরি। নতুন ভবনগুলোর ক্ষেত্রে কিছুটা হলেও কোড মানা হচ্ছে, কিন্তু পুরোনো ভবনের বেশির ভাগই নিয়মবহির্ভূতভাবে গড়ে উঠেছে। এসব স্থাপনার ঝুঁকি কমাতে দ্রুত প্রকৌশলগত সমাধান এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

তিনি আরও বলেন, জনসংখ্যার চাপে উচ্চ ভবনের প্রয়োজনীয়তা স্বীকার করলেও উন্নয়ন অবশ্যই পরিবেশবান্ধব হতে হবে। জলাশয় ভরাট বা পাহাড় কেটে অবকাঠামো নির্মাণ করা যাবে না বলেও তিনি সতর্ক করেন।

পরে তিনি অনুষ্ঠানের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। ভূমিকম্প নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জরুরি প্রস্তুতি নিতে হবে এবং পাহাড়-জলাশয়সহ পরিবেশের প্রাকৃতিক উপাদানগুলোকে রক্ষা করতে হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7004 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 04:31:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh