• হোম > দেশজুড়ে > রাজধানীসহ বিভিন্ন এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে

রাজধানীসহ বিভিন্ন এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে

  • শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১১:৪৬
  • ৭১

---

আবহাওয়া অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭, যা মধ্যম মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিসি) জানিয়েছে, ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫.৫ এবং কেন্দ্রস্থলও নরসিংদী অঞ্চলেই অবস্থান করেছিল।

ভূমিকম্প অনুভূত হওয়ার পর ঢাকার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই কম্পনে ভবন দুলে ওঠে বলে জানান তারা।

রাজধানীর কালাচাঁদপুর এলাকার বাসিন্দা আফরোজা খানম লাকি বলেন, ‘আমরা ৭ তলায় থাকি। হঠাৎ ভবন দুলতে থাকে, জোরে শব্দ হয়। বাসার জিনিসপত্র নড়ে ওঠে। আমরা দ্রুত নিচে নামার চেষ্টা করি, কিছুক্ষণের মধ্যেই কম্পন থেমে যায়।’

পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাসিন্দা সুশান্ত দাস জানান, ‘জুরি কাজের জন্য নিচে নামার সময় হঠাৎ দেখি ভূমিকম্প হচ্ছে। বৈদ্যুতিক খুঁটি জোরে কাঁপছিল, মনে হচ্ছিল এখনই পড়ে যাবে। বাসার সবাই দ্রুত নিচে নেমে আসে, অনেকে আতঙ্কে চিৎকারও করেন।’

গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরা, যশোর, জামালপুর, দিনাজপুর, ঝালকাঠি, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, বাগেরহাট, মাদারীপুর, শেরপুর, সিলেট, ফেনী ও খুলনাসহ দেশের বিভিন্ন জেলা থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ছাড়া পার্শ্ববর্তী ভারতেও কম্পন অনুভূত হয়। এনডিটিভি জানায়, পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকাগুলোতেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6976 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 08:40:03 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh