• হোম > বাংলাদেশ > ৫ ব্যাংক একীভূতকরণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছি

৫ ব্যাংক একীভূতকরণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছি

  • বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১৯:২৩
  • ৯১

---

সংকটে থাকা পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সাধারণ বিনিয়োগকারী শহিদুল ইসলামের পক্ষে ব্যারিস্টার মাহসিব হোসাইন রিটটি দাখিল করেন। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে প্রস্তাবিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডারদের বিদ্যমান শেয়ারহোল্ডিং অনুপাতে শেয়ার বরাদ্দ নিশ্চিত করতে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন বলেন, “সংবিধান অনুযায়ী আমার মক্কেলের সম্পত্তি ও ব্যবসা করার পূর্ণ অধিকার আছে। তিনি ও অন্যান্য সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজারে তালিকাভুক্ত এসব ব্যাংকের শেয়ার কিনেছেন। কিন্তু নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়ায় তাদের শেয়ার বরাদ্দ না দেওয়ার উদ্যোগ মৌলিক অধিকার লঙ্ঘন করছে।”

তিনি আরও বলেন, “এই কারণেই আদালতের কাছে আবেদন জানানো হয়েছে যাতে প্রস্তাবিত ব্যাংকে বিনিয়োগকারীদের ন্যায্য শেয়ার নিশ্চিত করা হয়।”

এর আগে, গত ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সংকটে থাকা পাঁচ ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক—একীভূত করে নতুন একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের অনুমোদন দেয়।

নতুন ব্যাংকের সম্ভাব্য নাম হিসেবে ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ এবং ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’ প্রস্তাব করা হয়েছে। ব্যাংকটি পেশাদারিত্ব ও বাণিজ্যিক নীতির ভিত্তিতে পরিচালিত হবে বলে জানানো হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6950 ,   Print Date & Time: Tuesday, 6 October 2026, 04:37:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh