• হোম > বাংলাদেশ > আগামী নির্বাচন আগের মতো হলে জাতি ভয়াবহ দুর্ভোগে পড়বে—মিয়া গোলাম পরওয়ার।

আগামী নির্বাচন আগের মতো হলে জাতি ভয়াবহ দুর্ভোগে পড়বে—মিয়া গোলাম পরওয়ার।

  • শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১৫:০৫
  • ৫১

---

জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রশাসনের প্রতি নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আপনারা নিরপেক্ষ থেকে আগামী নির্বাচন স্বচ্ছ করুন। প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পায়। অতীতে বিশেষ একটি দলের পক্ষে কাজ করা ওসি-এসপিরা, প্রধান বিচারপতি ও খতিব, ডিআইজি-পুলিশ কমিশনার সবাই পালিয়ে গেছেন। ভবিষ্যতে একই অভিযোগ উঠলে তারা পালানোর সুযোগ পাবেন না।”

তিনি সতর্ক করে বলেন, আগামী নির্বাচন ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের মতো হলে দেশ ও জাতি চরম দুর্ভোগে পড়বে। নির্বাচনকে কালো টাকার প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, “কর্তৃত্ববাদী সরকারের কালো যুগ পেরিয়ে আমরা নতুন বাংলাদেশের পথে এগোচ্ছি। দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে।”

শনিবার (১৬ নভেম্বর) খুলনা-৫ আসনে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে নগরীর জিরো পয়েন্টে পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন। শোভাযাত্রাটি খুলনার জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে গুটুদিয়া, ডুমুরিয়া, খর্ণিয়া, চুকনগর, আঠারোমাইল, রুদাঘরা, রঘুনাথপুর, শাহপুর, ধামালিয়া, জামিরা, ফুলতলা, দামোদর হয়ে শিরোমনি শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন, উন্নত ও আধুনিক খুলনা গড়ে তোলার লক্ষ্যে সর্বস্তরের মানুষের কাছে পরিবর্তনের বার্তা পৌঁছে দিতেই এ আয়োজন। সুখে-দুঃখে মানুষের কল্যাণে সবসময় আছি এবং দলমতের ঊর্ধ্বে উঠে তা পালনের চেষ্টা করব।”

তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘ বছর তাকে স্বাভাবিক কার্যক্রম করতে দেওয়া হয়নি। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরই তিনি কার্যক্রম শুরু করতে পেরেছেন। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। তাই শান্তির বাংলাদেশ গড়ার লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবে।”

পথসভায় সভাপতিত্ব করেন হরিণটানা থানার আমীর জি এম আব্দুল গফুর। বক্তব্য দেন খুলনা-১ আসনের সংসদ প্রার্থী মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, খুলনা জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, গাউসুল আযম হাদী, শেখ সিরাজুল ইসলাম, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, মোস্তফা আল মুজাহিদ ও আশরাফুল আলম প্রমুখ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6775 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 11:36:03 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh