• হোম > এক্সক্লুসিভ | এশিয়া | ফিচার | রাজনীতি > মাহাথিরকে পেছনে ফেলে যেভাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন মুহিইদ্দিন

মাহাথিরকে পেছনে ফেলে যেভাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন মুহিইদ্দিন

  • সোমবার, ২ মার্চ ২০২০, ০৮:১৭
  • ৯৯২

নতুন প্রধানমন্ত্রী মুহিইদ্দিন ইয়াসিন।
মাহাথির মোহাম্মদের আকস্মিক পদত্যাগের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মালয়েশিয়ায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন মুহিইদ্দিন ইয়াসিন।

সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে এই নামটি খুব একটা আলোচিত ছিলো না। কিন্তু রাজার পছন্দে শেষ পর্যন্ত তিনিই দায়িত্ব নিলেন।

নতুন একজন প্রধানমন্ত্রী পেলেও মালয়েশিয়ার রাজনীতিকে ঘিরে এখন বড় ধরনের অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। কারণ প্রভাবশালী রাজনীতিক ও দীর্ঘদিনের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেন নি।

মালয়েশিয়ার রাজনীতিতে গত কয়েক দশক ধরে প্রাধান্য বিস্তারকারী রাজনীতিক ৯৪ বছর বয়সী মাহাথির মোহাম্মদ বলেছেন, মি. মুহিইদ্দিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া অবৈধ ও বিশ্বাসঘাতকতা।

মুহিইদ্দিন ইয়াসিনকে মি. মাহাথিরের উত্তরসূরি হিসেবে নির্বাচন করেছেন মালয়েশিয়ার রাজা এবং আজ রোববার তিনিই তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মি. মুহিইদ্দিনকে সমর্থন দিচ্ছে সাবেক ক্ষমতাসীন দল। দুর্নীতির অভিযোগে ওই সরকারের পতন হয়েছিল।

কিন্তু মাহাথির মোহাম্মদ বলছেন, তিনি এই নিয়োগকে পার্লামেন্টে চ্যালেঞ্জ করবেন।

বিশ্বের সবচেয়ে প্রবীণ নির্বাচিত নেতা মাহাথির মোহাম্মদ তার পুরাতন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিমের সাথে জোট গঠন করে ২০১৮ সালে ক্ষমতায় ফিরে এসেছিলেন।

তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ক্ষমতা থেকে সরিয়ে তার এই বিজয় ছিল খুবই বিস্ময়কর।

সরকারি তহবিলে বড় ধরনের দুর্নীতির অভিযোগে মি. রাজাকের বিচার চলছে।

ছবির কপিরাইটAFPImage captionপ্রভাবশালী রাজনীতিক মাহাথির মোহাম্মদ।

আনোয়ার ইব্রাহিমের সাথে করা জোট থেকে বের হয়ে মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর মালয়েশিয়ার রাজনীতিতে অচলাবস্থার সৃষ্টি হয়। কিন্তু মি. মাহাথিরের পদত্যাগের সিদ্ধান্ত তার বিপক্ষে চলে যায়।

২০১৮ সালের নির্বাচনী ফলাফলের প্রসঙ্গ তুলে মাহাথির মোহাম্মদ বলেছেন, “এটা অদ্ভুত ব্যাপার। পরাজিতরা সরকার গঠন করছে আর বিজয়ীরা হচ্ছে বিরোধী দল।”

বিবিসির সাংবাদিক জনাথন হেড বলছেন, মালয়েশিয়ায় এধরনের রাজনৈতিক অনিশ্চয়তা নজিরবিহীন।

রাজনৈতিক দল উমনোকে দু’বছর আগে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ক্ষমতা ছাড়তে হয়েছিল।

মি. মুহিইদ্দিন মাত্র এক সপ্তাহ আগে মাহাথির মোহাম্মদের জোট থেকে বের হয়ে যান এবং তার পুরনো দল উমনোর সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলেন।

অনেকেই বিশ্বাস করেন, ক্ষমতায় থাকার জন্যে নতুন সরকারকে মালায়া জাতিগোষ্ঠী ও সংখ্যালঘুদের ওপর নির্ভর করতে হবে।

মি. মুহিইদ্দিন একবার বলেছিলেন, প্রথমে তিনি একজন মালায়া এবং এর পরে তিনি মালয়েশিয়ান।

মি. মুহিইদ্দিনের প্রধানমন্ত্রী হওয়ার পর দেশটিতে এই আশঙ্কাও তৈরি হয়েছে যে উমনোর যেসব নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে - সেগুলোর তদন্ত সামনের দিকে অগ্রসর নাও হতে পারে।

মি. মাহাথির ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। আনোয়ার ইব্রাহিম ছিলেন তার উপ-প্রধানমন্ত্রী।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/676 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 11:07:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh