
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, বর্তমান সরকার নিরপেক্ষতা হারিয়ে একটি দলকে ক্ষমতায় বসাতে তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণও সরকারের পক্ষপাতমূলক অবস্থানকে স্পষ্ট করছে, যা আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আট দলের অবস্থান তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তাহের আরও বলেন, সরকারের সিদ্ধান্ত ও কার্যক্রমে একটি নির্দিষ্ট দলের প্রতি দুর্বলতা প্রতিফলিত হচ্ছে। লন্ডন থেকে নির্বাচনের তারিখ ঘোষণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যথাযথ আলোচনা না করা এবং বিভিন্ন দাবি-দাওয়ায় নমনীয় আচরণ—এসবই সরকারের নিরপেক্ষতা সম্পর্কে সন্দেহ তৈরি করছে।
তিনি দাবি করেন, তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল তথ্য দিয়ে প্রভাবিত করছেন, যাতে সুষ্ঠু নির্বাচন আয়োজন ব্যাহত হয়। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত জনগণকে সংস্কার প্রশ্নে মনোযোগী হতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি। তাহেরের মতে, আলাদা দিনে গণভোট হলে ভোটাররা বিষয়গুলো বিশ্লেষণ করে মতামত দিতে পারবেন।
সংস্কার কমিশনের সুপারিশ সরকার পরিবর্তন করে চার ভাগে ভাগ করেছে অভিযোগ করে তিনি বলেন, এতে ভোট প্রক্রিয়া আরও জটিল হয়েছে এবং একটি বিশেষ দলের সুবিধা নিশ্চিত হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, গণভোটের তারিখ পৃথকভাবে নির্ধারণ করা হবে। আগামী ১৬ নভেম্বর আট দলের শীর্ষ নেতারা বৈঠকে বসে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন বলে জানান তাহের।