![]()
রেকর্ড ৪৩ দিন ধরে চলা যুক্তরাষ্ট্রের শাটডাউনের অবসান ঘটেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরে সরকারি অর্থায়ন বিল পাসের মাধ্যমে। বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে ২২২–২০৯ ভোটে বিলটি অনুমোদিত হয়, এর আগে সোমবার সিনেটও বিলটি পাস করে। এর ফলে তিনটি বার্ষিক ব্যয় বিল এবং সরকারি অর্থায়ন আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত নিশ্চিত হয়েছে। — খবর এপি।
দীর্ঘ এই শাটডাউনের সময় ফেডারেল কর্মীরা বেতন পাননি, বিমানবন্দরে দেখা দিয়েছিল অচলাবস্থা এবং খাদ্য ব্যাংকগুলোতে লম্বা লাইন তৈরি হয়। শাটডাউনের সময়ে ট্রাম্প কিছু একপাক্ষিক পদক্ষেপ নেন, যেমন প্রকল্প বাতিল ও ফেডারেল কর্মী বরখাস্তের চেষ্টা। তিনি এ পরিস্থিতির জন্য ডেমোক্র্যাটদের দায়ী করে বলেন, “মধ্যবর্তী নির্বাচনে ভুলবেন না, তারা আমাদের দেশের জন্য কী করেছে।”
শাটডাউনের অবসানের ফলে এখন ফেডারেল কর্মীদের বেতন ও চাকরি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং খাদ্য সহায়তা কার্যক্রম পুনরায় চালু হয়েছে। নতুন বিলের আওতায় আইন প্রয়োগকারী সংস্থা ও সুপ্রিম কোর্টের বিচারকদের নিরাপত্তা জোরদারের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
অন্যদিকে, ডেমোক্র্যাটরা মেয়াদোত্তীর্ণ উন্নত ট্যাক্স ক্রেডিট বাড়ানোর দাবি জানালেও রিপাবলিকানরা এটিকে আলাদা নীতি ইস্যু হিসেবে দেখছেন। সিনেট ক্রেডিট সম্প্রসারণে আংশিক সমর্থন দেখালেও প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা এখনও তাতে আস্থা রাখতে পারছেন না। কভিড-পরবর্তী এই ক্রেডিটের মেয়াদ শেষ হলে প্রিমিয়াম দ্বিগুণ হওয়া ও প্রায় ২০ লাখ মানুষের স্বাস্থ্যবিমা হারানোর আশঙ্কা রয়েছে।