• হোম > গাজীপুর > গাজীপুরে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

গাজীপুরে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

  • বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১৩:২৮
  • ৫১

---

গাজীপুরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে তিনটি বাস পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত গাজীপুর মহানগরের বাসন ও কাশিমপুর থানা এবং জেলার শ্রীপুর থানা এলাকায় এসব ঘটনা ঘটে।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাসন থানার ভোগড়া বাইপাসসংলগ্ন পেয়ারা বাগান এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দেয়। স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হোসেন বলেন, “খবর পাওয়ার পর আমরা প্রথমে পুলিশকে জানাই এবং পরে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনি।”

একই দিন ভোর প্রায় ৪টা ৫০ মিনিটের দিকে শ্রীপুর থানার বেড়াইদের চালা এলাকায় রাস্তার পাশে পার্ক করা একটি বাসেও দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। শ্রীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনে বাসটির ইঞ্জিন ও সিট পুড়ে গেছে।

অন্যদিকে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কাশিমপুর থানাধীন কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয়দের তথ্যমতে, জ্যোতি ফিলিং স্টেশনের সামনে বাসটির নিচে এক মিস্ত্রি কাজ করছিলেন, এমন সময় মোটরসাইকেলে করে আসা দুই যুবক পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন, ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো যায়।

কাশিমপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো প্রাণহানি হয়নি, তবে বাসের আংশিক ক্ষতি হয়েছে।”

তিনি আরও জানান, অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6661 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 12:45:01 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh