• হোম > বাংলাদেশ > যারা পরাজয়ের আশঙ্কায় আছেন, তারাই নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন: মির্জা ফখরুল

যারা পরাজয়ের আশঙ্কায় আছেন, তারাই নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন: মির্জা ফখরুল

  • সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২১:০১
  • ৯১

---

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় ভুগছেন, তারাই এখন ভোট পেছানোর নানা অজুহাত খুঁজছেন।

তিনি বলেন, ‘গণভোট, সনদ বা পিআর— এসব জনগণ বোঝে না, বোঝে নির্বাচন। এই নির্বাচনই দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ গত ১৬ বছর ধরে জনগণের ভোটে নির্বাচিত কোনো সংসদ হয়নি। এই নির্বাচনের মাধ্যমেই দেশকে স্থিতিশীল পথে ফিরিয়ে আনা সম্ভব।’

সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রুহিয়া থানাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, রুহিয়ার জনগণ সব সময়ই ধানের শীষের পাশে থেকেছে। বিএনপি সরকার গঠন করতে পারলে রুহিয়াসহ ঠাকুরগাঁও অঞ্চলের অবকাঠামো ও রাস্তাঘাটের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘রুহিয়া থানাকে উপজেলায় উন্নীত করা এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি। বিএনপি সরকার ক্ষমতায় এলে অগ্রাধিকার ভিত্তিতে রুহিয়াকে উপজেলায় রূপান্তর করা হবে।’

নিজ জীবনের সম্ভাব্য শেষ নির্বাচন উল্লেখ করে মির্জা ফখরুল রুহিয়াবাসীর প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘দেশের মালিক জনগণ। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি অতীতেও সংগ্রাম করেছে, ভবিষ্যতেও সেই সংগ্রাম চালিয়ে যাবে।’

তিনি আরও বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে দাঁড়াতে হবে।

মির্জা ফখরুল জানান, অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি ‘সমন্বিত উন্নয়ন প্রকল্প’ নামে রংপুর অঞ্চলের জন্য ৩৫০ কোটি টাকার প্রস্তাব দিয়েছে। এই প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় পর্যন্ত রাস্তাঘাটসহ জরুরি উন্নয়ন কাজ চলছে, যা বিএনপি সরকার গঠন করলে আরও সম্প্রসারিত হবে।

সভায় রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6613 ,   Print Date & Time: Thursday, 20 August 2026, 03:59:35 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh