![]()
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে এবং ৩০০ আসনই তাদের লক্ষ্য, জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালনকারী খালেদা জিয়ার সম্মানে ওই আসনে এনসিপি প্রার্থী দেবে না।
আজ বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় সম্প্রতি মৃত্যুবরণ করা জুলাই যোদ্ধা সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে বলেছি, আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং ৩০০ আসনই আমাদের লক্ষ্য। তবে খালেদা জিয়ার সম্মানে ওই আসনে প্রার্থী দেবো না। এর বাইরে সব আসনে শাপলা কলি মার্কার প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে।”
নাহিদ ইসলাম আরও জানান, সমঝোতা বা জোট রাজনৈতিক ও আদর্শিক ভিত্তিতে হতে পারে। জুলাই সনদ ও আমাদের সংস্কারের দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল সংহতি প্রকাশ করে, সে ক্ষেত্রে জোটের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে বর্তমানে দল এককভাবে এগোচ্ছে।
তিনি বলেন, “এলাকায় যাদের গ্রহণযোগ্যতা আছে, তাদের আমরা জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে দেখা গেছে, যাদের অর্থ আছে বা গডফাদারগিরি করছে, তারাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। আমরা সেই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই। এলাকার খেটে খাওয়া মানুষ, শিক্ষক, ইমাম বা যিনি সাধারণ মানুষের পাশে আছেন—তাদের আমরা জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই।”
এনসিপির আরেক নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ১৫ নভেম্বরের মধ্যে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। দলটি শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।