• হোম > বাংলাদেশ > অনলাইন জুয়ায় জড়িতদের ইন্টারনেট গতি সীমিত করার চিন্তায় সরকার

অনলাইন জুয়ায় জড়িতদের ইন্টারনেট গতি সীমিত করার চিন্তায় সরকার

  • বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ১৩:৪০
  • ৯৬

---

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। অনলাইন জুয়ায় জড়িতদের ফোন নম্বরের ইন্টারনেট গতি সীমিত করার বিষয়টি এখন বিবেচনাধীন, জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সভাকক্ষে ‘অনলাইন জুয়া প্রতিরোধে করণীয়’ শীর্ষক সভায় তিনি এ তথ্য জানান।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন,

“অনলাইন জুয়া বন্ধে ইতোমধ্যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মেইল পাঠানো হয়েছে, যা চলমান থাকবে। পাশাপাশি যারা বেটিংয়ে যুক্ত, তাদের শনাক্ত করে ফোন নম্বরের ইন্টারনেট গতি সীমিত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।”

তিনি আরও জানান, অনলাইন জুয়ায় জড়িত প্রায় ৫ হাজার এমএফএস (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস) হিসাব ইতোমধ্যে বন্ধ করা হয়েছে। এ ছাড়া একটি কমন ডেটাবেজ তৈরির কাজ চলছে, যেখানে সরকারি সংস্থা, টেলিকম অপারেটর ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে তথ্য বিনিময় ও নজরদারি জোরদার করা হবে।

সিম ও এমএফএসের তথ্য একীভূতকরণ

সভায় বিশেষ সহকারী বলেন,

“সিম ও এমএফএসের ইকেওয়াইসি সমন্বয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত একটি ত্রিপক্ষীয় বৈঠক হবে। এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে সিম ও আর্থিক লেনদেনের তথ্য একত্র করা সম্ভব হবে।”

তাঁর মতে, জুয়া চক্রের পেছনে থাকা ‘সুডো সদস্যদের চিহ্নিত করা, ট্রাফিক মনিটরিংয়ের মাধ্যমে লিংক স্লো করা এবং লেনদেন পর্যবেক্ষণ করাই এখন প্রধান লক্ষ্য।’

নতুন নীতিমালা ও নির্দেশিকা

সভায় জানানো হয়, মিডিয়া হাউজগুলো কীভাবে তাদের ওয়েব ব্রাউজার ও অ্যাডসেন্স সেটআপ করবে, সে বিষয়ে একটি নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে। বর্তমানে এটি তথ্য মন্ত্রণালয়ের ভেটিং প্রক্রিয়ায় রয়েছে। অনুমোদনের পর নির্দেশিকাটি সব অনলাইন প্ল্যাটফর্মের জন্য বাধ্যতামূলক হবে।

বিটিআরসির উদ্যোগ

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন,

“১৬ ডিসেম্বরের পর সিম সংখ্যা ১০টিতে সীমিত করার উদ্যোগ অনলাইন জুয়া নিয়ন্ত্রণে সহায়ক হবে। পাশাপাশি জুয়ায় সক্রিয়দের শনাক্ত করাও জরুরি।”

অপারেটর ও সেবাদাতাদের পদক্ষেপ

পেমেন্ট সিস্টেম এজেন্সির প্রতিনিধি সভায় বলেন, সিম, মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র সমন্বয় করা গেলে অনলাইন জুয়ার অনেক সমস্যা দূর হবে।
বিকাশের প্রতিনিধি জানান, গত দুই সপ্তাহে ৩৯৭টি মোবাইল নম্বর বন্ধ করা হয়েছে এবং এখন ‘ক্রলিং ইঞ্জিন’ ব্যবহারের মাধ্যমে অনলাইন লেনদেনের ট্র্যাকিং জোরদার করা হচ্ছে।

আইন প্রয়োগ ও নতুন সংস্থার প্রস্তাব

সভায় অনলাইন স্ক্যাম ও জুয়া প্রতিরোধে মাদক অধিদপ্তরের মতো একটি বিশেষ সংস্থা গঠন এবং ক্রস-ডোমেইন মনিটরিং কার্যক্রম জোরদার করার প্রস্তাব করা হয়।

সভায় মোবাইল নেটওয়ার্ক অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে সার্ভিস, আইন প্রয়োগকারী সংস্থা ও এমএফএস কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


মূল পয়েন্ট সংক্ষেপে

  •  ৫ হাজার এমএফএস অ্যাকাউন্ট বন্ধ

  •  অনলাইন জুয়ায় জড়িতদের ইন্টারনেট গতি সীমিত করার চিন্তা

  •  সিম-ইকেওয়াইসি-ভোটার তথ্য একীভূতকরণের উদ্যোগ

  •  কেন্দ্রীয় ডেটাবেজ তৈরির পরিকল্পনা

  •  অনলাইন বিজ্ঞাপন ও অ্যাডসেন্স নীতিমালা ভেটিংয়ে


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6393 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 07:33:05 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh