• হোম > অর্থনীতি | বিদেশ > মাস্কের ট্রিলিয়ন ডলার বেতনের বিপক্ষে নরওয়ে ওয়েলথ ফান্ড

মাস্কের ট্রিলিয়ন ডলার বেতনের বিপক্ষে নরওয়ে ওয়েলথ ফান্ড

  • বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ০৬:৩৫
  • ৫৩

মাস্কের ট্রিলিয়ন ডলার বেতনের বিপক্ষে নরওয়ে ওয়েলথ ফান্ড

টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্কের প্রস্তাবিত ১ ট্রিলিয়ন ডলারের বেতন-ভাতা প্যাকেজ অনুমোদনের বিপক্ষে ভোট দেবে বিশ্বের সবচেয়ে বড় সার্বভৌম সম্পদ তহবিল নরওয়ে ওয়েলথ ফান্ড। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে টেসলার বার্ষিক সাধারণ সভা। সেখানে আকাশছোঁয়া বেতন প্রস্তাবে ‘না’ ভোট দেবে বলে জানিয়েছে এ সার্বভৌম সম্পদ তহবিল। খবর রয়টার্স।

ইলোন মাস্কের প্রস্তাবিত বেতন-ভাতা প্যাকেজটি অনুমোদন করা হবে কিনা তা ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেবেন টেসলার বিনিয়োগকারীরা। প্রস্তাবটি অনুমোদিত হলে এটি হবে ইতিহাসের সর্ববৃহৎ সিইও পারিশ্রমিক চুক্তি। তবে সমালোচকরা বলছেন, এ প্যাকেজ প্রয়োজনের তুলনায় ‘অতিরিক্ত’।

টেসলার বোর্ড চেয়ারম্যান রবাইন ডেনহোম গত সপ্তাহে সতর্ক করে জানিয়েছেন, চুক্তিটি প্রত্যাখ্যান করা হলে ইলোন মাস্ক কোম্পানি ছেড়ে যেতে পারেন।

তিনি বলেন, ‘যদি ইলোন মাস্ককে অনুপ্রেরণা দেয়ার মতো পরিবেশ আমরা তৈরি করতে না পারি, তবে টেসলা তার সময়, প্রতিভা ও দূরদৃষ্টি হারাতে পারে।’

বিশ্লেষণ অনুযায়ী মাস্ককে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ ১ ট্রিলিয়ন ডলারের শেয়ার দেয়া হতে পারে। তবে সে শেয়ার ইস্যুর খরচ বাদ দিলে মাস্কের জন্য থাকবে প্রায় ৮৭৮ বিলিয়ন ডলার। অর্থাৎ ট্রিলিয়ন ডলার থেকে অনেকটাই কম।

নরওয়ের সার্বভৌম তহবিল পরিচালনাকারী নরগেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট (এনবিআইএম) নিজেদের ওয়েবসাইটে বলেছে, মাস্কের নেতৃত্বে বাজারে বড় ধরনের অবস্থান গড়েছে টেসলা। কিন্তু প্রস্তাবিত পারিশ্রমিক প্যাকেজটি অনেক বেশি এবং এতে কোম্পানির মূল্যমান কমে যেতে পারে। এছাড়া টেসলা এক ব্যক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে পারে।

টেসলার সপ্তম বৃহত্তম শেয়ারহোল্ডার নরওয়ের এ তহবিল এর আগেও মাস্কের পারিশ্রমিক পরিকল্পনার বিপক্ষে ভোট দিয়েছিল। ওই প্রস্তাব অনুযায়ী মাস্ক সর্বাধিক ৫৬ বিলিয়ন ডলার মূল্যমানের শেয়ার বা পারিশ্রমিক পেতে পারতেন। এ ঘটনায় মাস্ক তীব্র প্রতিক্রিয়া দেখান এবং অসলোর একটি সম্মেলনে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানান।

নরওয়ের ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলারের তহবিল সংস্থাটি আরো জানিয়েছে, টেসলার নতুন শেয়ারভিত্তিক পারিশ্রমিক পরিকল্পনার বিরুদ্ধে ভোট দেয়া হবে।

টেসলা বলছে, কোম্পানির বাজারমূল্য উল্লেখযোগ্য হারে বাড়লেই কেবল মাস্ককে এ পারিশ্রমিক দেয়া হবে। কোম্পানির একাধিক নির্দিষ্ট লক্ষ্য পূরণ হলেই সর্বোচ্চ পুরস্কার দেয়া হবে তাকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাজারমূল্য ৮ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করা, যা এখনকার বাজারমূল্যের প্রায় ছয় গুণ।

বিশেষজ্ঞদের মতে, ইলোন মাস্ক নির্ধারিত সব লক্ষ্য পূরণ না করলেও কয়েক হাজার কোটি ডলার আয় করতে সক্ষম হবেন। নির্বাহীদের পারিশ্রমিক, কোম্পানির বাজার মূল্যায়ন, রোবোটিকস ও অটোমোবাইল শিল্পের বিশেষজ্ঞদের বিশ্লেষণের ভিত্তিতে এ পূর্বাভাস দেয়া হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6367 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 08:43:37 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh