• হোম > বাংলাদেশ > “এটিই হবে আমার শেষ নির্বাচন”: মির্জা ফখরুল

“এটিই হবে আমার শেষ নির্বাচন”: মির্জা ফখরুল

  • মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৫:২৮
  • ১১৬

---

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়ার পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন স্ট্যাটাস প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে তিনি লিখেছেন, “মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে! আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও সকল নেতা-নেত্রীকে কৃতজ্ঞতা জানাই। দলের সকল কর্মীর প্রতি আমার আন্তরিক ধন্যবাদ, যারা আজীবন আমার পাশে থেকেছেন।”

মির্জা ফখরুল আরও জানান, “আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গিয়েছি, আমাদের নিজের একটি গল্প থাকে। অনেকেই তা জানে না। আমি যখন ১৯৮৭ সালে রাজনীতিতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার দুই মেয়ে তখন ছোট, ঢাকায় পড়াশোনা করত। আমার স্ত্রীরও বয়স কম ছিল এবং সে প্রথমে হতবাক হয়ে গিয়েছিল, বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিচ্ছে।”

তিনি স্মরণ করলেন, “আমার মেয়েদের হাতে ধরে স্কুল ও ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। বড় মেয়ের অপারেশনের সময় সারারাত গাড়িতে ছিলাম, ঢাকার পথে, যাতে পাশে থাকতে পারি। এত কষ্ট হচ্ছিল, আমি মসজিদে ছিলাম যখন তার অপারেশন চলছিল। এমন গল্প আমাদের হাজারো নেতা-কর্মীর আছে।”

শেষে তিনি উল্লেখ করেন, “এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পাননি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দিবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, দলের প্রতিটি নেতা-কর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে আপনার পাশে থাকব এবং কাজ করব, ইনশাআল্লাহ।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6327 ,   Print Date & Time: Friday, 2 October 2026, 10:52:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh