• হোম > বিদেশ > কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু হবে না, জানিয়েছেন ট্রাম্প।

কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু হবে না, জানিয়েছেন ট্রাম্প।

  • রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৬:১১
  • ৫৩

---

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা পুনরায় শুরু হবে না। শুক্রবার তিনি বলেন, অন্টারিও প্রদেশের একটি রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ফোন করে দুঃখ প্রকাশ করেছেন। ওই বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য ব্যবহার করে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি সমালোচনা করা হয়েছিল। খবর রয়টার্স ও আল জাজিরা।

ট্রাম্প বলেন, “আমি তাকে অনেক পছন্দ করি, কিন্তু তারা যা করেছে তা ভুল। বিজ্ঞাপনটি বিভ্রান্তিকর ছিল, তাই তিনি এর জন্য দুঃখ প্রকাশ করেছেন।”

ঘটনার সত্যতা স্বীকার করে মার্ক কার্নি বলেন, “আমি সত্যিই প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছি। বিজ্ঞাপনটি প্রচারের আগে ডাগ ফোর্ডের সঙ্গে পর্যালোচনা করেছিলাম এবং এর বিরোধিতা করেছিলাম। আমি স্পষ্টভাবে জানিয়েছিলাম যে বিজ্ঞাপনটি আমি প্রচার করতে চাই না।”

গত সপ্তাহে ট্রাম্প এই বিজ্ঞাপনকে কেন্দ্র করে দুই দেশের চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেন এবং কানাডার পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।

অন্টারিও সরকারের ওই বিজ্ঞাপনে রোনাল্ড রিগানের বক্তব্য সম্পাদনা করে দেখানো হয় যে বিদেশি পণ্যে শুল্ক আরোপ বাণিজ্যযুদ্ধ সৃষ্টি করতে পারে এবং কর্মসংস্থান কমাতে পারে। পরে বাণিজ্য আলোচনার স্বার্থে প্রিমিয়ার ডাগ ফোর্ড বিজ্ঞাপনটি প্রত্যাহার করেন।

ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রই কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, যেখানে কানাডার মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশই যুক্তরাষ্ট্রে যায়। তবে সাম্প্রতিক শুল্ক আরোপে দুই দেশের বাণিজ্য সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6235 ,   Print Date & Time: Thursday, 5 February 2026, 02:43:23 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh