• হোম > > প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের বৈঠক, নির্বাচনী প্রস্তুতি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের বৈঠক, নির্বাচনী প্রস্তুতি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত

  • রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১১:৩৮
  • ৪১

---

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তিন বাহিনীর প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

বৈঠকে জাতীয় নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর অবদানকে প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, গত ১৫ মাসে সেনাবাহিনীসহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আসন্ন নির্বাচনেও যেন সেই ধারাবাহিকতা বজায় থাকে এবং নিরাপত্তার চাদরে নির্বাচন ঢাকা থাকে, সে বিষয়ে তিনি তিন বাহিনীর প্রধানদের নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকারবদ্ধ।”

বৈঠকে তিন বাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টাকে জানান যে নির্বাচনকালীন সময়ে সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে প্রায় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজারের বেশি নৌবাহিনীর সদস্য এবং দেড় হাজার বিমানবাহিনীর সদস্য। প্রতিটি উপজেলায় একটি করে সেনা কোম্পানি মোতায়েন থাকবে।

এছাড়া বৈঠকে আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধানগণ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6219 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 11:08:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh