• হোম > বাংলাদেশ > প্রবীণ নাগরিকদের বিষয়ে রাষ্ট্রকে আরও মনোযোগী হতে হবে — দুর্যোগ উপদেষ্টা

প্রবীণ নাগরিকদের বিষয়ে রাষ্ট্রকে আরও মনোযোগী হতে হবে — দুর্যোগ উপদেষ্টা

  • শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৪:৩১
  • ৯৩

---

মুক্তিযোদ্ধা বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, প্রবীণ নাগরিকদের প্রতি রাষ্ট্রের আরও মনোযোগী হওয়া প্রয়োজন।

শুক্রবার রাতে চট্টগ্রাম মহানগরের সিনিয়র্স ক্লাবে ‘দ্য সিনিয়র সিটিজেন্স সোসাইটি’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফারুক ই আজম বলেন, “রাষ্ট্র প্রবীণদের প্রতি যথেষ্ট মনোযোগ দিতে পারেনি। ফলে তারা সমাজে অবহেলিত ও উপেক্ষিত হয়েছেন—এই দায় আমাদেরই নিতে হবে, কারণ রাষ্ট্র ও সমাজ আমরাই গড়ে তুলেছি।”

তিনি আরও বলেন, “অবসরের পর অনেক প্রবীণ রাষ্ট্র ও সমাজের পাশাপাশি পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন। এই বাস্তবতা থেকে উত্তরণের জন্য আপনাদের সংগঠিত হতে হবে, প্লাটফর্ম তৈরি করে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হতে হবে।”

দুর্যোগ উপদেষ্টা বলেন, “আমাদের সমাজে একসময় ভিলেনরাই নায়ক হয়ে গিয়েছিল। সেই অন্ধকার অধ্যায় যেন আর ফিরে না আসে, সে জন্য পরবর্তী প্রজন্মকে একটি সুস্থ ও বাসযোগ্য সমাজ উপহার দিতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘দ্য সিনিয়র সিটিজেন্স সোসাইটি’র সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেক।

বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দিলীপ কান্তি দাশ, সাধারণ সম্পাদক লায়ন সিরাজুল হক আনসারী, সহসভাপতি ইঞ্জিনিয়ার এ এম কামাল উদ্দিন চৌধুরী, উপদেষ্টা ডা. মাহবুবুল হক চৌধুরীসহ অন্যান্য সদস্যরা।

সভাপতির বক্তব্যে এম এ মালেক বলেন, “মানুষ চাইলে সবই করতে পারে। বয়স কেবল একটি সংখ্যা—মনের দিক থেকে যেন আমরা কখনও বুড়িয়ে না যাই, সে চেষ্টা করতে হবে।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6202 ,   Print Date & Time: Thursday, 1 October 2026, 05:02:53 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh