![]()
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ মোট ৫৩ জনের বিরুদ্ধে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদকের করা তিন মামলায় ৫৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
মামলাগুলোর অন্যান্য আসামির মধ্যে রয়েছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক।
প্রথম মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে ২৬ জন চার্জশিটভুক্ত সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
দ্বিতীয় মামলায় আজমিনা সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে ২২ জন সাক্ষীর মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে ১৬ জনের।
তৃতীয় মামলায় রাদওয়ান মুজিব সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৮ আসামির বিরুদ্ধে ২৮ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম পৃথক তিন মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছিলেন। তবে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আগামী ২ নভেম্বর পরবর্তী দিন নির্ধারণ করেন বলে আদালতের পেশকার বেলাল উদ্দিন জানান।
দুদকের উপপরিচালক সালাহউদ্দিন গত ১৩ জানুয়ারি শেখ রেহানার বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে তিনি পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেন। একই অভিযোগে আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধেও পৃথক দুটি মামলা করেন দুদক কর্মকর্তারা।
তদন্ত শেষে গত ১০ মার্চ তিন মামলাতেই চার্জশিট দাখিল করা হয়। এতে জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ ও সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিনসহ একাধিক সরকারি কর্মকর্তা অভিযুক্ত হন।
গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ তিন মামলায় অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর নির্দেশ দেন।