• হোম > > প্রধান উপদেষ্টার আহ্বান: সংস্কার কমিশনের প্রতিবেদন সহজভাবে প্রকাশ করতে হবে

প্রধান উপদেষ্টার আহ্বান: সংস্কার কমিশনের প্রতিবেদন সহজভাবে প্রকাশ করতে হবে

  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ২০:৪০
  • ৬১

---

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের একটি সহজবোধ্য সংস্করণ বই আকারে প্রকাশ করে তা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আট খণ্ডের প্রতিবেদন হস্তান্তর করেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। প্রতিবেদনে কমিশনের সুপারিশ, সভার কার্যবিবরণী ও সংশ্লিষ্ট নথিপত্র অন্তর্ভুক্ত রয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, “এই প্রতিবেদন সাধারণের জন্য সহজভাবে প্রকাশ করতে হবে, যাতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা পড়ে বুঝতে পারে এবং অন্যদেরও জানাতে পারে।”

তিনি আরও বলেন, “বইটি বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই প্রকাশ করতে হবে। ভবিষ্যতে এটি যেন শিক্ষার্থীদের জন্য অবশ্যপাঠ্য হয়, সেটি বিবেচনায় রাখতে হবে। তরুণ প্রজন্ম বইটি পড়ে জানবে এবং তাদের মা-বাবাকেও জানাবে।”

প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

প্রফেসর আলী রীয়াজ জানান, “আট খণ্ডের এই প্রতিবেদনে জুলাই জাতীয় সনদ ২০২৫, কমিশনের কার্যক্রম, রাজনৈতিক দলগুলোর লিখিত প্রস্তাবনা, সাধারণ মানুষের মতামত ও সংলাপের বিস্তারিত অন্তর্ভুক্ত আছে। ভবিষ্যতে এই প্রতিবেদন গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠবে।”

এর আগে মঙ্গলবার কমিশন সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6088 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 05:21:23 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh