• হোম > ক্লাইমেট অ্যাকশন | দেশজুড়ে > পরিবেশ উপদেষ্টা: টেকসই উন্নয়ন নিশ্চিত করলে প্রান্তিক মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে সুরক্ষিত থাকবে

পরিবেশ উপদেষ্টা: টেকসই উন্নয়ন নিশ্চিত করলে প্রান্তিক মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে সুরক্ষিত থাকবে

  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৭:৩২
  • ৯৯

---

আজ রাজধানীর আলোকি-তে আয়োজিত ‘অ্যানুয়াল কমিউনিটি অফ প্র্যাকটিসেস (সিওপি) নেটওয়ার্ক কনভেনশন ২০২৫: এমপাওয়ার উইমেন ফর ক্লাইমেট রিসাইলিয়েন্ট সোসাইটিজ (ফেজ-২)’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “টেকসই উন্নয়ন নিশ্চিত হলে প্রতিটি দুর্বল ও প্রান্তিক মানুষ জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে সুরক্ষিত থাকবে।”

তিনি বলেন, আমাদের উন্নয়নের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। বড় প্রকল্পে বিপুল অর্থ ব্যয়ের পাশাপাশি নদী ভাঙন ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষের সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে।

উপদেষ্টা আরও বলেন, জলবায়ু পরিবর্তন আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও টিকে থাকার লড়াই আমাদের হাতেই আছে এবং এই লড়াইয়ে সবচেয়ে বড় অনুপ্রেরণা পরিবারে নারীর কাছ থেকে আসে। “নারীর অদম্য সাহসেই গড়ে উঠবে জলবায়ু সহনশীল বাংলাদেশ,” তিনি যোগ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের নারীরা প্রতিদিন ঘরে ও সমাজে জলবায়ু সহনশীলতার লড়াই চালাচ্ছেন। দুর্যোগ, দারিদ্র্য বা অনিশ্চয়তার সময়ও তারা কখনও হার মানেননি। এই নারীদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই পরিবর্তন আনা সম্ভব।

সরকারি ও বেসরকারি উদ্যোগে ক্ষুদ্র অভিযোজন প্রকল্পগুলোকে বড় আকারে সম্প্রসারণ করা এবং স্থানীয় নারী উদ্যোক্তাদের উদ্ভাবনী প্রচেষ্টাকে জাতীয় উন্নয়নের অংশ করা সময়ের দাবি, বলেন তিনি।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন ঝুঁকিপূর্ণ জেলার নারীদের জন্য কাজ করা ১০ জন অদম্য নারীকে পুরস্কৃত করা হয়। পরে উপদেষ্টা জলবায়ু অভিযোজনের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। কনভেনশনে দেশের ১০০টি নারী-নেতৃত্বাধীন নাগরিক সংগঠন অংশ নেয় এবং স্থানীয় জলবায়ু অভিযোজন উদ্যোগ উপস্থাপন করে। এছাড়াও শিল্পীরা পটের গান মাধ্যমে জলবায়ু ঝুঁকি ও প্রতিরোধ বিষয় তুলে ধরেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6083 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 03:03:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh