• হোম > দেশজুড়ে > তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক আপিলের পঞ্চম দিনের শুনানি চলছে।

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক আপিলের পঞ্চম দিনের শুনানি চলছে।

  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩:১৪
  • ৬২

---

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন থেকে উদ্ভূত আপিলের পঞ্চম দিনের শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালতে।

আজ প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগ বেঞ্চে বিএনপির পক্ষে শুনানি করছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।

এর আগে গতকাল জামায়াতে ইসলামী’র পক্ষে শুনানি শেষ করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তারও আগে পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে আপিল শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া।

১৯৯৬ সালে জাতীয় সংসদে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন।

২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করা ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে তা বাতিল করে।

এই রায়ের পর একই বছরের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়। ৩ জুলাই প্রকাশিত হয় সংশোধনীর গেজেট।

পরে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও আরও একজন ব্যক্তি ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন।

সেই রিভিউ আবেদন থেকে আপিল শুনানির অনুমতি (লিভ) মঞ্জুর করে গত ২৭ আগস্ট আপিল বিভাগ ২১ অক্টোবর শুনানির দিন নির্ধারণ করে।

এদিকে, গত ১৭ ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে বাতিল করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6073 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 09:10:31 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh