• হোম > বাংলাদেশ > বিমানবন্দরে অগ্নিকাণ্ডের তদন্তে ৪ দেশের বিশেষজ্ঞরা অংশ নেবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিমানবন্দরে অগ্নিকাণ্ডের তদন্তে ৪ দেশের বিশেষজ্ঞরা অংশ নেবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১৫:০৭
  • ১০৬

---

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) কার্গো ভিলেজে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের তদন্তের জন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন এবং তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে।

আজ দুপুরে বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “আমরা চারটি দেশকে এখানে আমন্ত্রণ জানাই, যাতে তারা কোনও অব্যবস্থাপনা বা ত্রুটি আছে কি না তা তদন্ত করতে পারে।” তিনি আরও জানান, বিশেষজ্ঞরা আগুনের মূল কারণ ও দায়ী ব্যক্তিদের সনাক্ত করতে সহায়তা করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ৩০ সেকেন্ডের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে এবং অন্যান্য ইউনিট ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করে। কার্গো ভিলেজে দাহ্য পদার্থের বেশি থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, বিশেষ করে গার্মেন্টস পণ্য এবং কিছু কেমিক্যালের কারণে। তিনি বলেন, বাতাসের প্রভাব এবং আগুনের দ্রুত বিস্তার নিয়ন্ত্রণে সময় নেওয়ার কারণ হলেও ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে।

উপদেষ্টা আরও জানান, শনিবার রাত ৯টায় ফ্লাইট ওঠা-নামা পুনরায় চালু করা সম্ভব হয়েছে। তিনি বিমানবন্দরে ইলেকট্রনিক গেট দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে এবং প্রবাসী শ্রমিকদের জন্য পাসপোর্ট ফি কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া যাত্রীদের অযথা হয়রানি বন্ধ ও ইমিগ্রেশন সময় কমানোর নির্দেশও দেওয়া হয়েছে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে কার্গো ভিলেজে, যেখানে আমদানিকৃত পণ্য সংরক্ষণ করা হয়, সেখানে এই আগুনের সূত্রপাত ঘটে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5911 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 02:32:57 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh