• হোম > বিদেশ > ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে

  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১৬:০৭
  • ৬৮

---

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। এর মধ্যে সাতজনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে এবং একজনের বাড়ি রাউজান উপজেলায়। রবিবার সকালে নিজ নিজ এলাকায় তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয়।

এর আগে শনিবার রাত সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নিহতদের মরদেহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহতরা হলেন—সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের আমিন মাঝি, মো. আরজু, মো. রকি, সাহাব উদ্দিন ও মো. বাবলু, মাইটভাঙা ইউনিয়নের মো. জুয়েল, রহমতপুরের মো. রনি এবং রাউজানের চিকদাইর ইউনিয়নের আলাউদ্দিন।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা জানান, সকাল সাড়ে ৯টায় পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সাতজনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করে নিজ নিজ গ্রামে দাফন করা হয়। একইভাবে রাউজানের আলাউদ্দিনকেও তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর ওমানের দুখুম সিদ্দা এলাকায় মাছবাহী একটি বড় ট্রাকের সঙ্গে সংঘর্ষে আট বাংলাদেশি প্রবাসী নিহত হন। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থার জন্য ওমানে বাংলাদেশ দূতাবাস, রাষ্ট্রদূত ও ওমান সরকারকে ধন্যবাদ জানিয়েছে শোকাহত পরিবারগুলো।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5688 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 08:15:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh