• হোম > বাংলাদেশ > ‘জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের এক মাইলফলক: ইউরোপীয় ইউনিয়ন

‘জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের এক মাইলফলক: ইউরোপীয় ইউনিয়ন

  • শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১৫:২৫
  • ৫৮

---

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, ‘জুলাই সনদ’ শুধু রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রতিফলন নয়, বরং এটি দেশের রাজনৈতিক সংস্কার ও পরিবর্তনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি আনন্দিত। এই দলিল রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে ওঠা মৌলিক সংস্কার বিষয়ে ব্যাপক ঐকমত্যের প্রতিচ্ছবি।”

তিনি আরও বলেন, “এই অগ্রগতি ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। এটি স্পষ্টতই দেশের রাজনৈতিক পালাবদলের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।”

উল্লেখ্য, গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিসহ মোট ২৫টি রাজনৈতিক দল অংশ নেয়।

রাষ্ট্রদূত মিলারের উপস্থিতি ইঙ্গিত দেয়, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও শাসনব্যবস্থার সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা ও সম্পৃক্ততা অব্যাহত থাকবে।

ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বাড়ানো এবং গণতান্ত্রিক চর্চা সম্প্রসারণে বিভিন্ন প্রকল্পে অংশীদার হিসেবে কাজ করছে।

সম্প্রতি ইইউ আবারও বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এ লক্ষ্যে তারা কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি প্রয়োজন হলে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোরও প্রস্তাব দিয়েছে।

এই সব উদ্যোগ ইইউর পক্ষ থেকে টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতির অংশ বলেও মন্তব্য করেন বিশ্লেষকরা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5666 ,   Print Date & Time: Thursday, 5 February 2026, 12:58:48 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh