• হোম > চট্টগ্রাম > চট্টগ্রামে বিপুল পরিমাণ জাল নোটসহ একজন গ্রেফতার

চট্টগ্রামে বিপুল পরিমাণ জাল নোটসহ একজন গ্রেফতার

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২২:১৭
  • ১১৯

---

চট্টগ্রামের বহদ্দারহাটের নুরনগর হাউজিং এলাকা থেকে বিপুল পরিমাণ জাল নোট, ডলার ও ইউরোসহ তামজিম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার নুরনগর হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, তামজিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে শুটিংয়ের উদ্দেশ্যে তৈরি এসব জাল নোট নগরীর আন্দরকিল্লার অংকুর প্রিন্টার্স থেকে ছাপা হতো এবং অনলাইনে দারাজের মাধ্যমে বিক্রি করা হতো। প্রতিটি বান্ডেল ৩০ টাকায় ছাপিয়ে ৬০০ টাকায় বিক্রি করত সে। গত চার মাস ধরে এ কাজে যুক্ত ছিল তামজিম।

এর আগে সিলেটে র‌্যাবের অপর একটি টিম জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই চট্টগ্রামে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে সাতটি মোবাইল ফোন, সাতটি ক্রেডিট কার্ড, একটি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। র‌্যাব জানায়, কিছু নোটে ‘শুটিং’ শব্দ লেখা থাকলেও অনেক নোটে তা ছিল না। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, শুটিং বা অন্য কোনো উদ্দেশ্যে জাল নোট তৈরি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5548 ,   Print Date & Time: Saturday, 26 September 2026, 04:42:43 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh