• হোম > বাংলাদেশ | মতামত > আইন উপদেষ্টা বলেছেন, এখন থেকে অনলাইনে এক ক্লিকেই জামিননামা সরাসরি জেলখানায় পৌঁছে যাবে।

আইন উপদেষ্টা বলেছেন, এখন থেকে অনলাইনে এক ক্লিকেই জামিননামা সরাসরি জেলখানায় পৌঁছে যাবে।

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১৬:৩৮
  • ১৪৫

---

আগামীকাল বুধবার থেকে অনলাইনে বেলবন্ড (জামিননামা) গ্রহণপ্রক্রিয়া পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। এতে এক ক্লিকেই আদালতের রায় থেকে জামিননামা সরাসরি সংশ্লিষ্ট জেলখানায় পৌঁছে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘অ্যাটর্নি জেনারেল’স অফিস ইন্টার্নশিপ প্রোগ্রাম–২০২৫’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রধান অতিথির বক্তব্যে ড. আসিফ নজরুল বলেন, একজন আসামির জামিনের পর মুক্তি পেতে সাধারণত ১২টি ধাপ অতিক্রম করতে হয়, যেখানে প্রায়ই হয়রানি ও অনিয়মের শিকার হতে হয়। এখন থেকে এই পুরো প্রক্রিয়া ডিজিটালভাবে সম্পন্ন হবে—একটি ক্লিকেই আদালতের আদেশ সরাসরি সংশ্লিষ্ট জেলখানায় পৌঁছে যাবে।

তিনি বলেন, “আগামীকাল আমরা পাইলট প্রকল্প চালু করছি। এক ক্লিক করলেই আদালতের রায় থেকে জামিননামা সরাসরি সেই জেলখানায় চলে যাবে, যেখানে আসামি রয়েছেন।”

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5536 ,   Print Date & Time: Sunday, 27 September 2026, 11:19:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh