• হোম > দেশজুড়ে > বাণিজ্য উপদেষ্টার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২০:২৬
  • ৫০

---

বাংলাদেশে নিযুক্ত জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের চমৎকার বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। এ সম্পর্ককে আরও বিস্তৃত ও বহুমুখী করতে পারলে উভয় দেশই উপকৃত হবে।”

তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের পর জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য, যা মোট রপ্তানি আয়ের প্রায় ১০.৯৬ শতাংশ। এ সময় তিনি জার্মান আমদানিকারকদের প্রতি বাংলাদেশের তৈরি পোশাক, হোম টেক্সটাইল, ওষুধ, প্লাস্টিক, পাদুকা, সাইকেল ও চামড়াজাত পণ্য আমদানির আহ্বান জানান।

জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেন, “জার্মানি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে বাণিজ্য বহুমুখীকরণ প্রক্রিয়াকে আমরা সমর্থন জানাই।” তিনি বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিরও প্রশংসা করেন।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ জার্মানিতে ৪ হাজার ৮৫০ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে এবং ৯৪০ দশমিক ৬০ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এনজা ক্রিস্টেন উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5318 ,   Print Date & Time: Thursday, 5 February 2026, 12:57:52 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh