• হোম > > প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও ইমরান খান।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও ইমরান খান।

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৩
  • ৫৯

---

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ও স্ন্যাপচ্যাটের সাবেক প্রধান কৌশলগত কর্মকর্তা (সিএসও) ইমরান খান। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশে বিনিয়োগের প্রবল আগ্রহ প্রকাশ করেন।

বর্তমানে ৪৮ বছর বয়সী ইমরান খান ১৮ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বিনিয়োগ ব্যাংকার হিসেবে ক্যারিয়ার গড়ে তিনি দ্রুতই আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। জেপি মরগান ও ক্রেডিট সুইসে কাজের পর আলিবাবার ইতিহাস গড়া আইপিও-তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আলোচনায় আসেন। পরে স্ন্যাপচ্যাটের সিএসও হিসেবে দায়িত্ব নিয়ে কয়েক মাসের মধ্যে কোম্পানির মূল্য ৭২৮ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করেন। বর্তমানে তিনি আলেফ হোল্ডিং-এর বোর্ড চেয়ারম্যান।

অধ্যাপক ইউনূস বাংলাদেশে ফিনটেক, স্বাস্থ্যসেবা ও সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগের আহ্বান জানালে ইমরান খান জানান, দারিদ্র্য বিমোচনে ইউনূসের আজীবন মিশন তাঁকে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, “বাংলাদেশ এখন বিনিয়োগের উপযুক্ত সময় পার করছে। নিয়ন্ত্রক পরিবেশ সহায়ক হয়েছে, বিশেষ করে ফিনটেক খাতে প্রবৃদ্ধির সম্ভাবনা বিপুল।”

২০১৮ সালে ইমরান খান প্রাইম অ্যাসেট নামে একটি বিনিয়োগ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, যা ফিনটেক ও প্রযুক্তি-নির্ভর খাতে বিশেষভাবে বিনিয়োগ করে আসছে। তিনি শিগগিরই বাংলাদেশ সফরের পরিকল্পনার কথাও জানান, যাতে সম্ভাবনাগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা যায়।

অধ্যাপক ইউনূস তাঁকে দেশে আসার আমন্ত্রণ জানিয়ে বলেন, “বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য আপনার মতো রোল মডেল প্রয়োজন। এখন অনুপ্রেরণার সময়, আপনি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারেন।”

এ সময় ইউনূস যুক্তরাষ্ট্রের শীর্ষ বিনিয়োগকারীদের সামাজিক ব্যবসায় অবদান রাখতে আহ্বান জানান এবং বিনিয়োগকারীদের এক শতাংশ তহবিল সামাজিক খাতে ব্যয়ের প্রস্তাব দেন। ইমরান খান এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5092 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 12:38:35 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh