• হোম > > প্রধান উপদেষ্টা বাংলাদেশের নির্বিঘ্ন এলডিসি উত্তরণের জন্য ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা করেছেন

প্রধান উপদেষ্টা বাংলাদেশের নির্বিঘ্ন এলডিসি উত্তরণের জন্য ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা করেছেন

  • বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪২
  • ১০৯

---

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যেন স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি না হয়, এজন্য বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র পূর্ণ সমর্থন অপরিহার্য।

তিনি মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডব্লিউটিও মহাপরিচালক ড. ন্গোজি অকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন।

অধ্যাপক ইউনূস বলেন, এলডিসি থেকে উত্তরণের পর অনেক দেশ বাণিজ্য সুবিধা হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ যেন একই সমস্যার মুখে না পড়ে, সেজন্য ডব্লিউটিওর কার্যকর উদ্যোগ জরুরি। তিনি আসন্ন মন্ত্রী পর্যায়ের বৈঠকে অর্থবহ সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।

ড. অকোনজো-ইওয়েলা বাংলাদেশের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “বিশ্ব বাণিজ্য সংস্থাকে অবশ্যই সংস্কার করতে হবে। আমি আপনার সক্রিয় অংশগ্রহণ চাই এবং এখানে আপনার নেতৃত্ব প্রত্যাশা করছি।”

বাংলাদেশ ২০২৬ সালের শেষের দিকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করার কথা রয়েছে।

বৈঠকে ডব্লিউটিও সংস্কার ও বৈশ্বিক বাণিজ্যের সাম্প্রতিক চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়। সংরক্ষণবাদ ও বৈশ্বিক বাণিজ্য থেকে পশ্চাদপসরণের শঙ্কা থাকলেও বিশ্বের প্রায় ৭৫ শতাংশ বাণিজ্য এখনো ডব্লিউটিওর নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে, উল্লেখ করেন ড. অকোনজো-ইওয়েলা।

অধ্যাপক ইউনূসও সংস্থার সংস্কারের গুরুত্ব তুলে ধরে বলেন, “বিশ্ব বাণিজ্যের দ্রুত পরিবর্তনশীল পরিবেশে কার্যকর নেতৃত্ব দিতে হলে ডব্লিউটিওকে আরও সক্রিয় হতে হবে। এখনই সময় চ্যালেঞ্জ গ্রহণের। বাংলাদেশ অর্থবহ পরিবর্তনের পক্ষে জোরালো ভূমিকা রাখতে প্রস্তুত।”

বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4990 ,   Print Date & Time: Tuesday, 29 September 2026, 01:31:47 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh