• হোম > বাংলাদেশ > তারেক রহমান ফিলিস্তিনে ইসরাইলি বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন।

তারেক রহমান ফিলিস্তিনে ইসরাইলি বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন।

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৯
  • ১৩৫

---

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এটি হৃদয়বিদারক ঘোষণা করে বলেছেন, এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাকে কার্যত অসম্ভব করে তুলবে।

আজ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ বক্তব্য দেন।

তারেক রহমান ফেসবুক পোস্টে উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশিরা সবসময় ফিলিস্তিনি জনগণের ওপর ঔপনিবেশিক সহিংসতা, দমন-পীড়ন এবং নিশ্চিহ্ন করার প্রচেষ্টার বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছেন।

তিনি বলেন, বেঞ্জামিন নেতানিয়াহুর অব্যাহত বর্ণবাদ ও ফিলিস্তিনের জনগণ, তাদের সংস্কৃতি, ভূমি ও ইতিহাসের উপর আগ্রাসনকে কোনোভাবেই কম করা যায় না। তিনি এ ধরনের কর্মকাণ্ডকে গণহত্যা এবং পরিকল্পিত জাতিগত নির্মূলের সমতুল্য বলে অভিহিত করে ‘ঘৃণ্য’ বলে উল্লেখ করেন।

তারেক রহমান মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাসরত এবং কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান ইসরাইলি সরকারের কর্মকাণ্ড পুরো অঞ্চলকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

বিবৃতিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে নিন্দা ও চাপ প্রয়োগের আহ্বান জানান। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক বিচার আদালতকে ত্বরিতভাবে গাজায় ইসরাইলি সরকারের স্পষ্ট গণহত্যার বিষয়ে রায় দেওয়ার আহ্বান জানান, যাতে ফিলিস্তিনিরা আরও ভোগান্তির শিকার না হন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4716 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 08:24:42 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh