• হোম > রাজনীতি > আসন্ন সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৬১৮টি

আসন্ন সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৬১৮টি

  • বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৫
  • ১২৬

---

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্র স্থাপনের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, “বর্তমানে ১০টি অঞ্চলের আওতায় ৬৪ জেলায় ৩০০ আসনে ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। গড়ে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।”

ইসি সচিব আরও জানান, এবার পুরুষ ও মহিলা ভোটকক্ষ পৃথকভাবে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ হবে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি এবং মহিলা ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ১০৭টি। সব মিলিয়ে মোট ভোটকক্ষ দাঁড়াবে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।

গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি এবং ভোটকক্ষের সংখ্যা ছিল ২ লাখ ৬১ হাজার ৪৭২টি। এবারে কেন্দ্রের সংখ্যা কিছুটা বাড়লেও ভোটকক্ষ কমেছে বলে জানান সিনিয়র সচিব।

তিনি আরও বলেন, প্রকাশিত খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি গ্রহণ করা হবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। দাবী-আপত্তি নিষ্পত্তি শেষে ২০ অক্টোবর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4615 ,   Print Date & Time: Wednesday, 30 September 2026, 12:58:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh