• হোম > রাজনীতি > ফেব্রুয়ারির নির্বাচনে জাতিসংঘের পূর্ণ সমর্থনের অঙ্গীকার

ফেব্রুয়ারির নির্বাচনে জাতিসংঘের পূর্ণ সমর্থনের অঙ্গীকার

  • শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১১
  • ১১১

---

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস বলেছেন, “বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে জাতিসংঘের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন।

বৈঠকে বাংলাদেশের সংস্কার কার্যক্রম, উন্নয়ন অগ্রাধিকার ও গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা হয়। লুইস বলেন, “জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে সম্পূর্ণ সমর্থন দিচ্ছে। এটি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত জরুরি। স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।”

সাক্ষাতে উভয়পক্ষ জাতিসংঘ ও বাংলাদেশের সহযোগিতা জোরদার করার দিকেও গুরুত্ব দেন। বিশেষ করে সরকারের চলমান সংস্কার উদ্যোগ বাস্তবায়নে জাতিসংঘ কীভাবে সহায়তা করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়। এছাড়া আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতি নিয়েও মতবিনিময় হয়।

প্রধান উপদেষ্টা ইউনূস রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই সংহতি ও বাড়তি সহায়তার ওপর জোর দেন। জবাবে লুইস বাংলাদেশের সংস্কার, গণতান্ত্রিক রূপান্তর ও দীর্ঘমেয়াদি উন্নয়ন যাত্রায় জাতিসংঘের দৃঢ় সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4525 ,   Print Date & Time: Thursday, 8 October 2026, 10:12:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh