• হোম > বাংলাদেশ > তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না: শিক্ষা উপদেষ্টা

তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না: শিক্ষা উপদেষ্টা

  • বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৪
  • ১৮৯

---

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, দেশের জন্য জীবন উৎসর্গকারী তরুণদের আত্মত্যাগ কোনোদিন বৃথা যাবে না। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। তরুণ প্রজন্ম যে ত্যাগ ও সংগ্রাম করেছে, তার প্রতি সম্মান রেখেই আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি।

বুধবার ইডেন মহিলা কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে জুলাই-আগস্ট আন্দোলন স্মরণে মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নিহত ১০ তরুণ-তরুণীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, “এই পরিবারগুলোর সন্তানরা ছিলেন গুণী ও সম্ভাবনাময়। তারা জীবনের প্রতিটি ধাপ গুছিয়ে নিচ্ছিলেন এবং দেশের জন্য নিজেকে উজাড় করার সংকল্প নিয়েছিলেন। বাবা-মা কষ্ট করে সন্তানদের বড় করেছেন, অথচ তারা ফ্যাসিবাদী শক্তির গুলিতে প্রাণ হারালেন। কিন্তু তাদের অকালমৃত্যুই আমাদের নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা।”

তিনি আরও বলেন, “করোনা মহামারি, ডেঙ্গু মোকাবিলা কিংবা ধান কাটার মৌসুমে তরুণ স্কাউটরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। রক্তদান, চিকিৎসাসেবা, ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে কৃষকের মাঠেও তারা কাজ করেছে। এমনকি গুলির মুখেও তারা মানবতার সেবা চালিয়ে গেছে। এরা সত্যিকারের মানবতার দূত।”

শিক্ষা উপদেষ্টা বলেন, “প্রতিদিন সকালে দেয়ালে লিখন আমাদের মনে করিয়ে দেয় তরুণ প্রজন্ম কেমন বাংলাদেশ চাইত। যারা জীবন দিয়েছেন বা অঙ্গহানি করেছেন, তাদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সভাপতি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান এবং বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4410 ,   Print Date & Time: Saturday, 3 October 2026, 06:57:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh