• হোম > রাজনীতি > নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

  • সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০০
  • ৮১

---

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টা একমত এবং দেশবাসীও আশ্বস্ত।

রবিবার রাত ৯টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং প্রধান উপদেষ্টা যথাসময়ে নির্বাচন নিশ্চিত করার আশ্বাস দেন।

বৈঠকে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

মির্জা ফখরুল বলেন, “একটি শক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। ঘোষিত তারিখেই নির্বাচন হবে।”

এদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের অভিযোগ করেন, লন্ডনে গিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা নজিরবিহীন ঘটনা, যা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

বিএনপি মহাসচিব এ অভিযোগকে অমূলক বলে মন্তব্য করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সম্পূর্ণ অধিকার রয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সঙ্গে কথা বলার।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4313 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 11:51:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh