• হোম > বাণিজ্য > দুই উপদেষ্টার উদ্যোগে সাশ্রয়ী মূল্যে পাটের ব্যাগ বাজারে আসছে

দুই উপদেষ্টার উদ্যোগে সাশ্রয়ী মূল্যে পাটের ব্যাগ বাজারে আসছে

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৫:২০
  • ৯০

---

সাশ্রয়ী মূল্যে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ।

এ সময় পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা এবং কারওয়ান বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান জনগণকে পলিথিন শপিং ব্যাগের পরিবর্তে সাশ্রয়ী মূল্যের পাটের ব্যাগ ব্যবহার করার আহ্বান জানান। তিনি বলেন, “পরিবেশ রক্ষায় সরকার ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহ করছে। তবে জনগণের অংশগ্রহণ ছাড়া এই উদ্যোগ সফল হবে না। নিষিদ্ধ ঘোষিত পলিথিন পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না, তা জব্দসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, পলিথিনের বহুল ব্যবহার মাটি, পানি ও জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে। বিপরীতে পাটের ব্যাগ টেকসই, পুনঃব্যবহারযোগ্য এবং সম্পূর্ণ পরিবেশবান্ধব।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। টিসিবির ডিলার ও বাজারের বণিক সমিতির মাধ্যমে ভর্তুকি মূল্যে ব্যাগ বিক্রি করা হবে। পাশাপাশি জনগণকে পাটের ব্যাগ ব্যবহার ও পুনঃব্যবহারে উদ্বুদ্ধ করা, উৎপাদনকারীদের দক্ষতা বৃদ্ধি, মার্কেটিং, মান নিয়ন্ত্রণ এবং উৎপাদন খরচ কমানোর প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করা জরুরি। আজকের অঙ্গীকার হোক— আর পলিথিন শপিং ব্যাগ ব্যবহার নয়।

ইতোমধ্যে টিসিবির নির্ধারিত ডিলারদের মাধ্যমে ভর্তুকি মূল্যে ব্যাগ বিক্রি শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন বাজারের নির্ধারিত দোকান থেকে পাওয়া যাবে এসব ব্যাগ। মান ও আকারভেদে দাম নির্ধারণ করা হয়েছে ২০ টাকা, ২৫ টাকা, ৩০ টাকা, ৩৫ টাকা, ৭০ টাকা ও ৮০ টাকা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4277 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 01:00:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh