• হোম > ক্রিকেট | খেলা > বিশ্ব ক্রিকেটে প্রথম: অনন্য রেকর্ড গড়ে ইতিহাসে সাকিব

বিশ্ব ক্রিকেটে প্রথম: অনন্য রেকর্ড গড়ে ইতিহাসে সাকিব

  • সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১৯:৫১
  • ১৫২

---

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান টি-টোয়েন্টি ক্রিকেটে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সময় তিনি ক্যারিয়ারের ৫০০তম উইকেট শিকার করে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন অনন্য রেকর্ড।

রোববার (২৪ আগস্ট) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মাত্র ২ ওভার বোলিং করে ১১ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। এর মধ্যে পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করেই ৫০০ উইকেট পূর্ণ করেন তিনি। পরে আরও ২ উইকেট যোগ করে তার মোট সংগ্রহ দাঁড়ায় ৫০২ উইকেটে।

শুধু তাই নয়, টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৫০০ উইকেটের পাশাপাশি ৭ হাজার রানও করেছেন সাকিব। ফলে এই দুই মাইলফলক ছুঁয়ে নেওয়া একমাত্র ক্রিকেটার এখন তিনি।

অর্জনের অনুভূতি জানাতে গিয়ে সাকিব বলেন, “এই সাফল্যের পেছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। মাইলফলক স্পর্শ করতে পেরে আমি ভীষণ খুশি। দীর্ঘ ক্যারিয়ারে অনেক কিছু অর্জন করতে পেরে আমি সন্তুষ্ট।”

তবে তিনি আরও জানান, এই রেকর্ডের জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘদিন। সিপিএলের চলতি আসরের প্রথম পাঁচ ম্যাচে মাত্র ৫ ওভার বোলিং করার সুযোগ পান, যেখানে তার উইকেট ছিল মাত্র একটি। সাকিবের ভাষায়, “কিছুটা হতাশা ছিল, তবে যখন সুযোগ পেলাম তখন দলের প্রয়োজনে অবদান রাখতে পারলাম—এটাই সবচেয়ে বড় স্বস্তি।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4134 ,   Print Date & Time: Thursday, 1 October 2026, 09:51:55 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh